ভারতে পাচারকালে যশোরে দুই কোটি একুশ লাখ টাকা মূল্যের ১৩পিচ স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে ৪৯ বিজিবির সদস্যরা। শুক্রবার ভোর রাতে যশোর-বেনাপোল মহাসড়কের গদখালী বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার ব্যবহৃত মোটর সাইকেল ও মোবাইল ফোন জব্দ করা হয়।
আটককৃত ব্যক্তির নাম সাহাব উদ্দিন সরদার। তার বাড়ি যশোরের শার্শা উপজেলার বেনাপোলের বালুন্ডা গ্রামে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে ঢাকার সায়েদাবাদ এলাকার চোরাকারবারীদের নিকট হতে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে যশোর হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়নের একটি বিশেষ আভিযানিক টহল দল ওই এলাকায় অবস্থান নেয়। আটককৃত ব্যক্তির কোমরে বিশেষ ভাবে লুকায়িত অবস্থায় ১৩পিচ স্বর্ণের বার পাওয়া যায়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ১ কেজি ১৫৮ গ্রাম। যার বাজারমূল্য ২ কোটি ২১ লাখ ৪৬ হাজার টাকা। আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
ইমেইল : rajkotha.news@gmail.com, editor@rajkotha.com.
সেন্ট্রাল রোড, রাজনগর বাজার, রাজনগর-৩২৪০, মৌলভীবাজার।
All rights reserved © 2026 rajkotha.com