মহান শিক্ষা দিবস উপলক্ষে সর্বজনীন, বৈষম্যহীন, বিজ্ঞানভিত্তিক ও গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা চালু, শিক্ষার মান উন্নয়ন, ব্যয় কমানো এবং শিক্ষার বাণিজ্যিকীকরণ বন্ধের দাবিতে মাগুরায় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিজ্ঞান আন্দোলন মঞ্চ মাগুরা জেলা শাখার উদ্যোগে শহরের চৌরঙ্গী মোড়ে জেলা প্রেসক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিজ্ঞান আন্দোলন মঞ্চ মাগুরা জেলা শাখার সমন্বয়ক প্রকৌশলী শম্পা বসুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সংগঠনের জেলা শাখার সংগঠক ভবতোষ বিশ্বাস জয়। সভা পরিচালনা করেন সংগঠক আছানুর ইসলাম।
বক্তারা বলেন, ১৯৬২ সালে তৎকালীন পাকিস্তানি সামরিক শাসক আইয়ুব খানের সরকার এস এম শরীফের নেতৃত্বে শিক্ষা কমিশন গঠন করে। ওই কমিশনের বৈষম্যমূলক ও বাণিজ্যিক শিক্ষানীতির বিরুদ্ধে তৎকালীন ছাত্রসমাজ ১৭ সেপ্টেম্বর হরতাল আহ্বান করে। ছাত্র-জনতার সেই আন্দোলনে পুলিশ গুলি চালালে ছাত্র বাবুল, বাস কন্ডাক্টর গোলাম মোস্তফা, গৃহভৃত্য ওয়াজিউল্লাহ, শ্রমিক সুন্দর আলীসহ অনেকে শহীদ হন। পরবর্তী সময়ে ১৭ সেপ্টেম্বর শিক্ষা দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
তারা আরও বলেন, শিক্ষা দিবসের চেতনা বাস্তবায়নে কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি। অর্থের ভিত্তিতে শিক্ষার সুযোগ নির্ধারিত হওয়ায় দেশে শিক্ষাক্ষেত্রে বৈষম্য বেড়েছে। দারিদ্র্যের কারণে অনেক শিক্ষার্থী শিক্ষা থেকে ঝরে পড়ছে। একই সঙ্গে শিশু শ্রম ও বাল্যবিবাহের মতো সমস্যাও শিক্ষার পথে বাধা সৃষ্টি করছে।
সমাবেশ থেকে বক্তারা শিক্ষাক্ষেত্রে সব ধরনের বৈষম্য দূর করে সবার জন্য সমান শিক্ষার সুযোগ নিশ্চিত করার দাবি জানান।
সমাবেশে উত্থাপিত দাবিগুলো হলো সর্বজনীন, বৈষম্যহীন, বিজ্ঞানভিত্তিক ও গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা চালু করা,শিক্ষার বাণিজ্যিকীকরণ বন্ধ করা, মাগুরার সব স্কুল-কলেজে নিয়মিত ক্লাস নিশ্চিত করাসহ শিক্ষার মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা, নিয়মিত ক্লাস চালু, শিক্ষক সংকট নিরসন, লাইব্রেরি ও ল্যাবরেটরির মান উন্নয়নসহ মাগুরা হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সার্বিক শিক্ষার মান উন্নয়ন করে ধাপে ধাপে এটিকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা,শিক্ষা শেষে উপযুক্ত কর্মসংস্থান নিশ্চিত করা, মাগুরা টেক্সটাইল মিল চালু করা এবং জেলায় কৃষিভিত্তিক শিল্পকারখানা নির্মাণ করা।
ইমেইল : rajkotha.news@gmail.com, editor@rajkotha.com.
সেন্ট্রাল রোড, রাজনগর বাজার, রাজনগর-৩২৪০, মৌলভীবাজার।
All rights reserved © 2026 rajkotha.com