Logo

শিকলে বাঁধা অবস্থায় মাদরাসা পড়ুয়া দুই শিক্ষার্থী উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি : / ১১৪
প্রকাশিত : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

হবিগঞ্জের চুনারুঘাটে শিকলে বাঁধা অবস্থায় মাদরাসা পড়ুয়া দুই শিশুকে উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে তাদের উপজেলা পরিষদের সামনের বাজার থেকে উদ্ধার করে স্থানীয়রা। পরে উপজেলা নির্বাহী অফিসারের কাছে হস্তান্তর করা হয়। সেখান থেকে তাদের থানার মাধ্যমে পরিবাবের কাছে দেওয়া হয়েছে।

 

উদ্ধার হওয়া শিশুরা হলো-হবিগঞ্জ সদর উপজেলার চাঁনপুর গ্রামের মফিজুল ইসলামের ছেলে মারুফ ইসলাম সবুজ (৯) ও বানিয়াচং উপজেলার পাথারিয়া গ্রামের বেলু মিয়ার ছেলে সায়েম মিয়া (৮)।

বিষয়টি নিশ্চিত করে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, তারা পরস্পর আত্মীয়। একই সঙ্গে মাদরাসায় পড়ে। তাদের মা-বাবাকে থানায় এনে বুঝিয়ে দেওয়া হয়েছে।

 

শিশুদের পরিবার জানায়, শিশুদের চুনারুঘাট উপজেলার দেওরগাছ হাফেজিয়া মাদরাসায় আবাসিকে রেখে পড়ানো হচ্ছে। তারা প্রায়ই শিক্ষকদের চোখ ফাঁকি দিয়ে বাড়ি চলে যেত। বিভিন্ন সময় তারা অন্যত্রও পালিয়ে যেতো। ইতিমধ্যে চার বার তারা পালিয়ে গেছে। গত ৩/৪ দিন পূর্বেও তারা পালিয়ে গেছে। তাদেরকে বাহুবলে আত্মীয়ের বাড়ি থেকে উদ্ধার করে আনা হয়েছে। এরপর বাড়ি নিয়ে যাওয়ার পর বাবা-মা শিকল কিনে তাদেরকে মাদরাসায় নিয়ে বেঁধে রেখে তালা দিয়ে চাবি নিজেরা নিয়ে যান। মঙ্গলবার বিকেলে সুযোগ বুঝে তারা শিকল কেটে ফেলতে বাজারে চলে আসে। এ সময় স্থানীয়দের নজরে পড়লে তাদেরকে উপজেলা নির্বাহী অফিসারের নিকট নিয়ে যাওয়া হয়।

 

চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরী বলেন, দুই শিশু শিকল বাঁধা অবস্থায় চুনারুঘাট বাজারে উপজেলা পরিষদের সামনে চলে এসেছিল। স্থানীয়রা তাদেরকে উপজেলা পরিষদে নিয়ে আসে। পরবর্তীতে ওসি সাহেবকে খবর দিয়ে বিষয়টি খোঁজখবর নিতে বলে তার কাছে শিশুদের হস্তান্তর করেছি।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।