Logo
সর্বশেষ :
পাবনায় প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে বিশ্ববিদ্যালয়ের হিন্দু শিক্ষার্থী গ্রেফতার বদ্ধ ঘর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার পাবনায় বিএনপি নেতা হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার মৌসুমি বায়ুর প্রভাবে ঘন কুয়াশায় ঢেকে গেল পঞ্চগড় কোটচাঁদপুরে বাসচাপায় হোটেল শ্রমিক নিহত মৌলভীবাজারে সিএমএফ এর সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা মৌলভীবাজারে লাইফস্টাইল ব্র্যান্ড ‘মিরর’-এর ১৩ তম শোরুম উদ্বোধন মৌলভীবাজারে কৃষি ও কৃষক রক্ষা কমিটির আহ্বায়ক কমিটি গঠন রাজনগর উপজেলায় এসএমসি‘র উদ্দ্যোগে বন্যা কবলিত গোল্ডস্টার মেম্বারদের ত্রাণ সামগ্রী বিতরণ স্বামীর মুখে তালাকের কথা শুনে অভিমানে গৃহবধূর আত্মহত্যা

মৌসুমি বায়ুর প্রভাবে ঘন কুয়াশায় ঢেকে গেল পঞ্চগড়

পঞ্চগড় প্রতিনিধি :
প্রকাশিত : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

আকাশে মেঘমালার ব্যাপক উপস্থিতি ও মৌসুমি বায়ুর প্রভাবে হিমালয় কন্যাখ্যাত দেশের সর্ব উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে হঠাৎ করে দেখা দিয়েছে ঘন কুয়াশা। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোর থেকে সকাল সাড়ে ছয়টা পর্যন্ত কুয়াশায় ঢেকে ছিল জেলার পথঘাট। এতে গ্রামের পথঘাট থেকে শহরের সড়ক সর্বত্র ছেয়ে যায় কুয়াশায়৷ এতে কমে যায় যানবাহনের গতি। চালকদের হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা যায়।

 

 

স্থানীয় বাসিন্দারা বলছেন, সেপ্টেম্বর মাসে এর আগে এত ঘন কুয়াশা তারা আগে দেখেননি। ভোরে ঘন কুয়াশা দেখে অনেকে আগেভাগেই শীতের আগমনের কথা ভাবলেও তখন তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি। সকাল বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের আলো দেখা দিলে কুয়াশা কাটতে শুরু করে। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

 

 

পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের গলেহা কান্তমনি এলাকার বাসিন্দা আইবুল ইসলাম বলেন, সকালে ঘুম থেকে উঠে দেখি চারপাশ কুয়াশায় ঢেকে গেছে। কয়েক হাত দূরেও কিছু দেখা যাচ্ছিল না। সেপ্টেম্বর মাসে এমন কুয়াশা আগে কখনো দেখিনি।

জেলা শহরের ইজিবাইক চালক আজিজুল ইসলাম বলেন, সকালে অটো নিয়ে বের হয়েছি। কুয়াশার কারণে হেডলাইট জ্বালালেও সামনে ঠিকমতো দেখা যাচ্ছিল না। তাই ধীরে ধীরে গাড়ি চালাতে হয়েছে।

 

 

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, গত এক সপ্তাহ ধরে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ২৫ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে। মঙ্গলবার সকাল ছয়টায় তেঁতুলিয়ায় ২৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর আগের দিন সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

 

জিতেন্দ্রনাথ রায় বলেন, শরৎকালের শুরুতে মৌসুমি বায়ুর সক্রিয়তা ও নিষ্ক্রিয়তার কারণে আবহাওয়ার এমন পরিবর্তন দেখা যাচ্ছে। এর সঙ্গে আকাশে দীর্ঘ সময় মেঘের অবস্থান এবং হঠাৎ মেঘ সরে গিয়ে আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার বিষয়টিও কুয়াশা তৈরিতে ভূমিকা রাখছে।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com