চুয়াডাঙ্গার জীবননগরে বদ্ধ ঘর থেকে রবিউল ইসলাম (৩০) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দিনগত রাতে ৯৯৯-এ ফোন পেয়ে জীবননগর উপজেলার উথলী বাজারপাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রবিউল ইসলাম উথলী গ্রামের বাজারপাড়ার সালাম মোল্লার ছেলে।
স্থানীয়রা জানান, কয়েক দিন থেকে প্রচন্ড দুর্গন্ধ পেতে থাকেন উথলী বাজারের ব্যবসায়ীরা। পরে তারা ধারণা করেন এটি কোনো মরদেহের দুর্গন্ধ। সেই ধারণা থেকে সোমবার দিনগত রাত সাড়ে ১১টার দিকে ৯৯৯-এ কল করেন উথলী বাজারের এক ব্যবসায়ী। কল পেয়ে রাত ১২টার দিকে জীবননগর থানা পুলিশের একটি দল এসে বদ্ধ ঘর থেকে রবিউল ইসলামের মরদেহ উদ্ধার করেন। রবিউল ইসলাম দীর্ঘদিন ধরে উথলী বাজারপাড়ায় বসবাস করতেন। তিনি বিভিন্ন কাজ করে জীবিকা নির্বাহ করলেও সম্প্রতি মানসিকভাবে অসুস্থ ছিলেন। বাড়ি থেকে বের করে দিয়েছেন স্ত্রী-সন্তান ও মাকে। একাকী থাকাকালীন কোনো এক সময় তিনি নিজেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, মরদেহের বেশিরভাগ অংশ পচে-গলে গেছে, দুর্গন্ধ ছড়াচ্ছে। আমরা নিশ্চিত নয়, তবে ধারণা করছি সপ্তাহ খানেক আগে তিনি আত্মহত্যা করেছেন। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহটি ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।