বর্তমান সরকারের দুর্বল ও ‘নতজানু’ পররাষ্ট্রনীতির কারণে দেশের সীমান্ত সুরক্ষায় চরম ঘাটতি দেখা দিয়েছে। এর ফলে সীমান্ত এলাকায় হত্যা, পুশ-ইন, মাদক ও চোরাচালান বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় যুব বিভাগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া।
বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলা যুব বিভাগের উদ্যোগে আয়োজিত মাদকবিরোধী মানববন্ধন ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া বলেন, “বর্তমান সরকারের পররাষ্ট্রনীতি দেখে মনে হচ্ছে তাদের মাথার ওপর অন্য কোনো জিন-ভূত আছর করেছে। সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে সীমান্তে দেদারসে হত্যাকাণ্ড ও পুশ-ইন ঘটছে, অথচ সরকার কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারছে না। এ অবস্থা চলতে থাকলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে।”
তিনি আরও বলেন, “দেশের জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনে আবারও আন্দোলনের ডাক দেওয়া হবে। পরিস্থিতির পরিবর্তন না হলে জুলাইয়ের মতো আরেকটি গণঅভ্যুত্থান সৃষ্টি করা হবে।”
মানববন্ধনে ঢাকা জেলা উত্তর ও দক্ষিণ, সাভার ও কেরানীগঞ্জসহ বিভিন্ন ইউনিটের যুব ও ক্রীড়া বিভাগের শত শত নেতাকর্মী অংশ নেন। এ সময় তাদের হাতে “সুস্থ দেহ সুন্দর মন, মাদকমুক্ত হোক জীবন”, “মাদককে না বলুন, মাদকমুক্ত সমাজ গড়ুন”, “মাদককে রুখে সমাজকে বাঁচাও” এবং “তারুণ্য যদি সজাগ হয়, মাদক সেবন আর নয়” লেখা বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড দেখা যায়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সীমান্ত দিয়ে অবাধে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইন দেশে প্রবেশ করছে, যা তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তারা মাদক চোরাচালান রোধে সরকারের কার্যকর উদ্যোগের অভাব রয়েছে বলে দাবি করেন। একই সঙ্গে রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।
প্রধান বক্তার বক্তব্যে মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, সীমান্তে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। প্রতিনিয়ত সীমান্ত এলাকায় বাংলাদেশি নাগরিকদের প্রাণহানির ঘটনা ঘটছে বলেও তিনি দাবি করেন।
তিনি সরকারের প্রতি একতরফা নীতি ও দমন-পীড়নের পথ পরিহার করার আহ্বান জানিয়ে বলেন, তা না হলে রাজপথে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। একই সঙ্গে দেশের সকল দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
সমাবেশ শেষে ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেন জামায়াতের নেতাকর্মীরা। কর্মসূচিতে ঢাকা জেলা জামায়াতের আমির মাওলানা দেলোয়ার হোসাইনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।