“মাদকমুক্ত সমাজ গড়ি, সুস্থ ভবিষ্যৎ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস-২০২৬ উপলক্ষে জামালপুরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৫ সদর আসনের সংসদ সদস্য এডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন।
শুক্রবার (২৬ জুন) সকালে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জামালপুরের যৌথ আয়োজনে শহরের ফৌজদারি মোড় থেকে র্যালিটি বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ গিয়ে শেষ হয়।
র্যালিতে জেলা প্রশাসনের কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, পুলিশ প্রশাসনের সদস্য, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
র্যালির উদ্বোধনকালে শান্তি ও মাদকমুক্ত সমাজের প্রত্যাশায় রঙিন বেলুন উড়িয়ে কর্মসূচির শুভ সূচনা করা হয়।
আয়োজকরা জানান, মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং তরুণ সমাজকে মাদকের কুফল থেকে দূরে রাখতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা সকলকে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
উল্লেখ্য, দিবসটি উপলক্ষে আলোচনা সভা, সচেতনতামূলক প্রচারণা এবং বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচিরও আয়োজন করা হয়।