Logo

রাজনগরে চাঁদার দাবিতে সাবেক শিবির নেতার বাড়িতে হামলা

মৌলভীবাজার প্রতিনিধি : / ৩১
প্রকাশিত : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

মৌলভীবাজারের রাজনগরে চাঁদার দাবিতে সাবেক শিবির নেতার বাড়িতে হামলা চালিয়েছে বিএনপি নেতাকর্মীরা। এঘটনায় ওই শিবির নেতার বাবা গুরুতর আহত হয়েছেন।

 

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৩১ মার্চ) সকালে উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের আমিরপুর গ্রামে সাবেক শিবির নেতা মো. নজরুল ইসলামের বাড়িতে।

 

স্থানীয়রা জানায়, পাঁচগাঁও ইউনিয়নের আমিরপুর গ্রামের মো. আখলিছ মিয়ার ছেলে ইউনিয়ন ছাত্রশিবিরের সাবেক সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে রয়েছেন। সেখান থেকে তিনি সাম্প্রতিক নির্বাচনে বিএনপির বিরোদ্ধে ফেইসবুকে লেখালেখি করে আসছেন। বিষয়টি নিয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে একাধিকবার তার বাবার কাছে নালিশ দেয়। বিষয়টি নিয়ে গত ৮ মার্চ বিকেলে বাড়িতে গিয়ে ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতা তামিম হাসান, সাইফুল ইসলাম ও লিটন মিয়া হুমকি-ধামকি দেয়। এসময় মো. আখলিছ মিয়ার কাছে দুই সপ্তাহের মধ্যে ৩ লাখ টাকা চাঁদা দাবি করে তারা।

 

এ ঘটনার জেরে মঙ্গলবার সকালে তাহমিম হাসান, সাইফুল ইসলাম, লিটন মিয়া ও রতন আহমদসহ ১৫-২০ জন বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা মো. আখলিছ মিয়ার বাড়িতে যায়৷ তারা দাবিকৃত টাকা চাইলে মো. আখলিছ মিয়া অপারগতা প্রকাশ করেন। এতে উত্তেজিত হয়ে উপস্থিত নেতাকর্মীরা তার বাড়িঘরে হামলা চালিয়ে বসতঘর, নগদ টাকা লুটপাট ও আসবাবপত্র ভাঙচুর করে। পরে গুরুতর আহত অবস্থায় মো. আখলিছ মিয়াকে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

মো. আখলিছ মিয়া বলেন, আমার ছেলে মো. নজরুল ইসলাম যুক্তরাজ্যে লেখাপড়া করতে গেছে। কয়েকদিন আগে বিএনপি ও তাদের সহযোগী সংগঠনের নেতারা বাড়িতে গিয়ে আমার ছেলেকে ফেইসবুকে লেখালেখি করতে নিষেধ করতে বলে। ছেলের কাছ থেকে তাদেরকে ৩ লাখ টাকা এনে দিতে আমাকে বলে। তারা টাকা চাইতে মঙ্গলবার বাড়িতে এলে আমি টাকা দিতে পারি নি। এসময় উত্তেজিত হয়ে তারা আমার বাড়িঘরে হামলা করে লুটপাট ও ভাঙচুর করে। আমিও আহত হই। তবে আমার দুই ছেলে মাছুম মিয়া এবং কামরুল ইসলাম এঘটনায় ইন্ধন দিয়েছে বলে আমি বুঝতে পেরেছি।

 

বিএনপি নেতা সাইফুল ইসলাম বলেন, মো. নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে ফেইসবুকে বিএনপিকে নিয়ে সমালোচনা করে আসছে। আমরা তার বাবাকে জানিয়ে নজরুলকে নিষেধ করতে বলেছি। কিন্তু তাকে থামানো যাচ্ছে না। পরে উত্তেজিত নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে বাড়িতে হামলা করেছে। নেতাকর্মীরা তার কাছে চাঁদা চায় নি। কিছু চা-নাস্তার টাকা চেয়েছে।

এঘটনায় রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন আহমদ ভূঁইয়া বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। কিছু ভাঙচুর হয়েছে। এতে একজন আহত হয়েছেন। বাড়ির মালিককে থানায় অভিযোগ দিতে বলেছি।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।