Logo
সর্বশেষ :
রাজনগর উপজেলায় এসএমসি‘র উদ্দ্যোগে বন্যা কবলিত গোল্ডস্টার মেম্বারদের ত্রাণ সামগ্রী বিতরণ স্বামীর মুখে তালাকের কথা শুনে অভিমানে গৃহবধূর আত্মহত্যা জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণ করতে পারছেন, কিন্তু গোলাবাড়ি কেন নিয়ন্ত্রণে আনতে পারছেন না?— প্রশ্ন এমপি মনিরুলের যশোরে দুই কোটি টাকার ১৩ পিচ স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক পাবনায় বালু উত্তোলন নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, বিএনপিকর্মী নিহত জামালপুরে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত ছেলেকে বিমানে উঠিয়ে দিয়ে স্টোক করে বাবার মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ট্রেনের ইঞ্জিনে বস্তাভর্তি গাঁজা, আখাউড়ায় র‍্যাবের অভিযানে লোকোমাস্টার আটক নোয়াখালীতে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবসে র‍্যালি ও আলোচনা সভা

নিজের বাবার গরু চুরি করলেন ছেলে!

রাজকথা ডেস্ক :
প্রকাশিত : বুধবার, ১২ এপ্রিল, ২০২৩

চাহিদামতো টাকা না পেয়ে বেশ কয়েক দিন ধরে বাবার প্রতি ক্ষুব্ধ ছিলেন ছেলে। অবশেষে সুযোগ বুঝে রাতে গোয়ালঘর থেকে তিনটি গরু ‘চুরি’ করে পিকআপে তুলে  নিয়ে যাওয়ার পথে পুলিশের হাতে ধরা পড়ে যায় সেই ছেলে। খবর পেয়ে গরুর মালিক থানায় গিয়ে দেখেন চোর আর কেউ নয়; তার ছেলে মাসুম। সোমবার (১০ এপ্রিল) রাতে এমন ঘটনা ঘটে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী ইউনিয়নের হাটুলিয়া গ্রামে।

 

 

স্থানীয় সূত্র জানায়, ওই গ্রামের নুরুল ইসলামের ছয় ছেলের মধ্যে চতুর্থ ছেলে মো. মাসুম মিয়া (২৫)। স্থানীয় বাজারে তাঁর একটি মনোহারি দোকান ছাড়াও ফ্লেক্সিলোডের ব্যবসা রয়েছে।

 

 

নুরুল ইসলাম জানান, প্রায় দুই মাস আগে তার (মাসুমের) স্ত্রী রাগ করে চলে যান। এরপর থেকে মাসুম মানসিকভাবে ভেঙে পড়ে এলোমেলো চলাফেরা শুরু করেন। ব্যবসার পুঁজির বিশাল একটা অংশ বিভিন্নভাবে খরচ করে ফেলেন। এ অবস্থায় বেশ কয়েক দিন ধরে অর্থ সংকটে পড়ে যান তিনি। একপর্যায়ে ভাইয়েদের কাছে টাকা চেয়ে না পেয়ে জমি বিক্রি করে তিন লাখ টাকা দেওয়ার জন্য চাপ দেন। তার চাহিদামতো টাকা না দেওয়ায় কয়েক দিন ধরে বাড়ি ছাড়ার হুমকি দিয়ে আসছিলেন। অনেক বুঝিয়ে তাকে তার ব্যবসায় বসালেও টাকা চাওয়া অব্যাহত ছিল।

 

 

সোমবার তারাবীর নামাজের পর বাবাকে দোকানে ডেকে নেন মাসুম। নিজে খাওয়ার কথা বলে বাবাকে দোকানে রেখে বের হন। রাত ১২টার পরও দোকানে না যাওয়ায় বাবা নুরুল দোকান বন্ধ করে বাড়িতে যান। গিয়ে দেখেন বাড়ির সামনে গোয়ালঘরের দরজা খোলা। খোঁজ নিয়ে দেখেন সাতটি গরুর মধ্যে তিনটি গরু নেই। অনেক জায়গায় খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে ঈশ্বরগঞ্জ থানায় বিষয়টি অবহিত করেন। সেখান থেকে আশপাশ এলাকায় থাকা টহল পুলিশকে ঘটনাটি জানালে নান্দাইল থানার কানুরামপুর বাসস্ট্যান্ডে পিকআপের ভেতর গরুসহ ধরা খান মাসুম। গরুসহ তাকে নান্দাইল থানায় নিয়ে যায় পুলিশ।

 

 

পরে নুরুল ইসলামকে খবর দেওয়া হলে তিনি থানায় যান। সেখানে গিয়ে দেখেন ‘চোর’ তার ছেলে। এ সময় তিনি গরু এবং ছেলেকে ছাড়িয়ে নিয়ে আসেন।

 

নান্দাইল থানার উপরিদর্শক (এসআই) আব্দুল কাদের জানান, বাবার কোনো ধরনের অভিযোগ না থাকায় গরুসহ অভিযুক্ত ছেলেকে ছেড়ে দেওয়া হয়।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com